Ridge Bangla

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে আটক ৪৮ জন কারাগারে

কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিনসহ ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সোমবার (৮ জুন) সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনকে ৪৯ নম্বর আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, রোববার দুপুরে কয়েকশ নেতাকর্মী বাস ও মাইক্রোবাসে করে এসে ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান দেন। এ কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মিছিল থেকে ৪৮ জনকে আটক করে পুলিশ। সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ।

This post was viewed: 4

আরো পড়ুন