Skip to main content

Ridge Bangla

কুড়িগ্রামে এনসিপির প্রতিবাদ মিছিলে সংঘর্ষ, হামলার অভিযোগ

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। পুলিশ জানিয়েছে, কয়েকজন আহত হয়েছেন এবং অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া দাবি করেন, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ২০০ নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্রশক্তির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল বলেন, এনসিপির ওই মিছিলে ছাত্রলীগের কর্মীরাও অংশ নিয়েছিল। তার দাবি, এ সময় ছাত্রদলের কর্মী মমিনুল এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করেই ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এনসিপির হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এদিকে, বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।

This post was viewed: 5

আরো পড়ুন