Skip to main content

Ridge Bangla

কুড়িগ্রামের সীমান্তে বাংলাদেশি যুবক আটক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পারাপারের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে আলী নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটেছে।

রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, আটক যুবক আলী (২৫) রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ৮ থেকে ১০ জন বাংলাদেশি চোরাকারবারি সীমান্তের কাঁটাতারের ওপর কম্বল পারাপারের চেষ্টা করছিল। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর শাহপাড়া ক্যাম্পের বিএসএফ টহলরত সদস্যরা গেট খুলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলির শব্দে বাকিরা পালাতে সক্ষম হলেও আলীকে ধরে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। রৌমারী সীমান্তের স্থানীয়রা বলছেন, এর আগে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে।

জামালপুর ৩৫ বিজিবির মোল্লাচর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন জানিয়েছেন, তাদের এরিয়ার বাইরে ১০৬৩ নম্বর পিলার থেকে যুবককে আটক করেছে বিএসএফ। রৌমারী সদর বিজিবি ক্যাম্পের এক কোম্পানি কমান্ডার নাম প্রকাশে অনিচ্ছুক জানান, বিষয়টি নিশ্চিত করতে বিজিবির টহলরত সদস্যদের সঙ্গে কথা বলা হবে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে।

This post was viewed: 33

আরো পড়ুন