Ridge Bangla

কিস্তির টাকা নিয়ে বিরোধ, গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাক কর্মী

গাইবান্ধার সাদুল্লাপুরে কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে এক ঋণগ্রহীতার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ব্র্যাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে। আহত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত লাকী বেগম পালানপাড়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী। অভিযুক্ত সালমা বেগম ব্র্যাকের ধাপেরহাট শাখার মাঠ সংগঠক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্র জানায়, লাকী বেগম ব্র্যাক থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বকেয়া কিস্তির টাকা নিয়ে বুধবার ধাপেরহাট ব্র্যাক অফিসের সামনে তার সঙ্গে মাঠকর্মী সালমা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় সালমা বেগম পাশে থাকা একটি লাঠি দিয়ে লাকী বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতের স্বামী মিন্টু মিয়া দাবি করেন, ঋণের প্রায় সব টাকা পরিশোধ করা হয়েছে। মাত্র দেড় হাজার টাকা বাকি থাকলেও তা নিয়ে তার স্ত্রীকে মারধর করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মাঠকর্মী সালমা বেগম বলেন, লাকী বেগমের কাছে দীর্ঘদিন ধরে তিন হাজার টাকা বকেয়া ছিল। টাকা চাওয়াকে কেন্দ্র করে লাকী ও তার স্বামী তাকে মারধর করেন। আত্মরক্ষার্থে লাঠি ব্যবহার করতে গিয়ে ওই নারী আহত হন।

This post was viewed: 8

আরো পড়ুন