Ridge Bangla

কিশোর গ্যাংয়ের ছুরিতে প্রাণ গেল যুবকের

গাজীপুরের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় মারুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু জামিল (২৪) গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিগারেট কোম্পানির কর্মী জামিল কাছের এক দোকানে বকেয়া বিল আনতে যান। এসময় কিশোর গ্যাং সদস্য রবি ও তার সঙ্গীদের রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে বেপরোয়া ভাবে ঘোরাঘুরির প্রতিবাদ করলে তাদের সঙ্গে জামিলের বাগ্বিতণ্ডা হয়।

জামিলের বন্ধু মারুফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে গ্যাং সদস্যরা দু’জনের ওপরই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন এবং জামিলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত জামিলের তথ্যের ভিত্তিতে রবি, রনি, সাগর, সাব্বিরসহ অজ্ঞাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 41

আরো পড়ুন