Ridge Bangla

কিউবা উপকূলে দেড় শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবার উত্তর-পশ্চিম উপকূলে প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কিউবার পাশাপাশি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। সাধারণত ভূমিকম্পপ্রবণ নয় এমন অঞ্চলে এই কম্পনকে অস্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সোমবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৬ কিলোমিটার গভীরে এবং উপকেন্দ্র ছিল কিউবার মান্তুয়া শহর থেকে ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিউবার রাজধানী হাভানা থেকে মান্তুয়ায় যেতে গাড়িতে প্রায় দুই থেকে চার ঘণ্টা সময় লাগে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের ভূমিকম্পবিদ পল আর্ল বলেন, ক্যারিবীয় অঞ্চলের এই অংশে এমন ভূমিকম্প খুবই অস্বাভাবিক। সাধারণত ভূতাত্ত্বিক প্লেটের সীমানায় ভূমিকম্পের উৎপত্তি হলেও এবারের ভূমিকম্পটি হয়েছে প্লেটের অভ্যন্তরীণ অংশে, যেখানে এমন ঘটনা নিয়মিত নয়।

তিনি জানান, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩২২ কিলোমিটার এলাকার মধ্যে ১৮৮০ সালের পর এত শক্তিশালী ভূমিকম্প আর হয়নি। এর আগে ১৪৬ বছর আগে কিউবার সান ক্রিস্তোবালে ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।

এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানায়নি। তবে ভূমিকম্পের পর কিউবার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘ অর্থনৈতিক সংকটের কারণে দেশটির অনেক ভবন জরাজীর্ণ অবস্থায় থাকায় উদ্বেগ আরও বেড়েছে।

কিউবার পশ্চিমাঞ্চলীয় পিনার দেল রিওতে নিজ বাড়িতে থাকা ৪৪ বছর বয়সী জুসমিলা এরনান্দেস বলেন, “এটি খুব প্রবলভাবে অনুভূত হয়েছে। এর আগে কখনোই আমি এরকম কোনো কিছু অনুভব করিনি।

“লোকজন দৌঁড়ে বাইরে চলে যায়, সবাই ভয় পেয়েছিল। এমনকি আমি এটি বলে বোঝাতে পারবো না। এটি এমন ছিল যেন আর কোনোদিন এখানে কোনো ভূমিকম্প হয়নি।”

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কম্পন ফ্লোরিডাতেও অনুভূত হয়েছে। এ ছাড়া মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের জনপ্রিয় পর্যটন এলাকা কানকুন, প্লায়া দেল কারমেন ও তুলুমেও কম্পন টের পাওয়া যায়।

এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে অভ্যস্ত না হওয়ায় কানকুন শহরের কেন্দ্রস্থলের অনেক বাসিন্দা ও কর্মী আতঙ্কে ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

মেক্সিকোর ইউকাতান ও কিন্তানা রো রাজ্যের গভর্নররা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভূমিকম্পের পর জরুরি ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা দেওয়া হয়নি এবং সুনামির কোনো লক্ষণও দেখা যায়নি।

This post was viewed: 4

আরো পড়ুন