Skip to main content

Ridge Bangla

‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন অধ্যাপক ইউনূস

প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।

এই বিশেষ পুরস্কার প্রদান করা হয়—মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও টেকসই বিশ্ব গঠনে অধ্যাপক ইউনূসের অবদানের স্বীকৃতিস্বরূপ।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ইউনূস বলেন, “এটি একটি চমৎকার পুরস্কার।” তিনি রাজা চার্লসকে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর ভাষায়, “এই পুরস্কার আমাদের কর্মকাণ্ডের স্বীকৃতি, যা আমরা দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নের জন্য করেছি। এটি সেই মূল্যবোধের প্রতিফলন, যা রাজাও ধারণ করেন।”

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে। তিনি বলেন, “এই পুরস্কার আমাদের অবস্থানকে বিশ্বের সামনে তুলে ধরার অসাধারণ উপায়। এটি তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়তে উৎসাহ জোগাবে।”

এর আগে বাকিংহাম প্যালেসে রাজা চার্লস অধ্যাপক ইউনূসকে একান্ত বৈঠকের জন্য আমন্ত্রণ জানান। প্রায় আধা ঘণ্টাব্যাপী ওই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে তাঁরা পারস্পরিক আগ্রহের নানা বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ হলো রাজা চার্লসের ব্যক্তিগত স্বীকৃতির অংশ, যা বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা ব্যতিক্রমী ব্যক্তিদের প্রদান করা হয়।

This post was viewed: 46

আরো পড়ুন