নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের সাধারণ মানুষের জীবন ও সংগ্রামের গল্প নিয়েই নির্মিত সিনেমা ‘নয়া মানুষ’ অংশ নিচ্ছে ভারতের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল-এর পঞ্চম আসরে। এ উৎসবে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের বিভিন্ন চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের সিনেমাটি প্রদর্শিত হবে।
সিনেমাটির গল্পের ভিত্তি হয়েছে আ মা ম হাসানুজ্জমানের ‘বেদনার বালুচর’ উপন্যাসে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। ছবিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমি হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশু শিল্পী ঊষশী।
সিনেমাটির পরিচালক সোহেল রানা বয়াতি জানান, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘নয়া মানুষ’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, যা খুবই আনন্দের বিষয়। এই উৎসবে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করছে। আমি বিশ্বাস করি, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে জায়গা করে নেবে।”
২০২৪ সালের ৬ ডিসেম্বর ‘নয়া মানুষ’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরিচালক আশা প্রকাশ করেছেন, সিনেমা শুধুমাত্র বিনোদন নয়, মানুষের জীবনের বাস্তবতা ও সামাজিক চ্যালেঞ্জকে তুলে ধরার মাধ্যমে দর্শকের মনে প্রভাব ফেলবে।
ফেস্টিভ্যালে অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার সুযোগ দেবে। বিশেষ করে প্রান্তিক মানুষের গল্প ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলায় ‘নয়া মানুষ’ দেশীয় ও আন্তর্জাতিক সমালোচকদের নজর কাড়বে বলে মনে করা হচ্ছে।