পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জনের আন্দোলন ঘিরে চলমান সহিংসতায় গত দুই দিনে ৩০ জনের বেশি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। এ পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ভারতের মতোই শত্রু হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, গত সোমবার থেকে নির্বাচন বয়কটের আহ্বান জানানো আন্দোলনকারীদের বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। এতে বহু আন্দোলনকারী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
নিহতদের মধ্যে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির মূল কমিটির সদস্য ও মুখপাত্র উমর নাজির কাশ্মিরির ভাই উসমান নাজিরও রয়েছেন বলে সূত্রগুলো জানিয়েছে।
সাধারণ মানুষের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই অভিযানের বিষয়ে কথা বলতে গিয়ে খাজা আসিফ বলেন, কাশ্মিরে বিক্ষোভকারীদের তিনি পাকিস্তানের শত্রু হিসেবে বিবেচনা করেন। তার ভাষ্য, ভারতের প্রতি যে দৃষ্টিভঙ্গি, আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীদের প্রতিও তার একই অবস্থান।
গতকাল মঙ্গলবার স্থানীয় একটি সংবাদমাধ্যমের সাংবাদিক বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সংলাপে বসবে কি না, এমন প্রশ্ন করলে তিনি বলেন, “ভারত আমাদের শত্রুদের যে ক্যাটাগরিতে রয়েছে, আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীদের আমি সেই ক্যাটাগরিতেই রাখি। এবং ভারতের মতো তাদেরও আমি শত্রু হিসেবে বিবেচনা করি।”
গত ৫ জুন পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচনবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ৮০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ভিডিও ফুটেজে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে দেখা গেছে। একই সঙ্গে ঘটনাস্থলের বিভিন্ন সড়কে নিহত ব্যক্তিদের মরদেহ পড়ে থাকার দৃশ্যও ফুটেজে দেখা যায়।