Ridge Bangla

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

শনিবার (১১ জুলাই) সকালে র‍্যাব-৪-এর সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা মো. আব্দুল্লাহ শিকদারকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সৃষ্ট সহিংসতা ও অগ্নিসংযোগের সময় বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই ব্যবহার করে অন্য বন্দিদের সঙ্গে আব্দুল্লাহ শিকদার পালিয়ে যান। এরপর থেকে তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‍্যাবের ভাষ্য, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আব্দুল্লাহর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, ২০২১ সালে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে হাতুড়ি ও কুড়াল দিয়ে হত্যার ঘটনায় আদালত আব্দুল্লাহ শিকদারসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন।

গ্রেপ্তার আব্দুল্লাহ শিকদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন