Ridge Bangla

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩ জন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা এলাকায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোররাত থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র ট্রাক নিয়ে বাগমারা-বাঘচালা এলাকায় গরু চুরি করতে আসে বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা মাইকিং করে আশপাশের মানুষকে জড়ো করেন এবং চোর সন্দেহে কয়েকজনকে ধাওয়া দেন।

স্থানীয়দের দাবি, চক্রের কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা চোরদের বহনের কাজে ব্যবহৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

This post was viewed: 1

আরো পড়ুন