সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে ভারত থেকে দেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন (৪২) এবং মো. শাহীন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে দুজনই অবৈধভাবে ভারতে যান। পরে তারা ভারতের তামিলনাড়ুতে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বুধবার ভোরে একইভাবে অবৈধ পথে দেশে ফেরার চেষ্টা করেন তারা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মহিউদ্দিন ও শাহীন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে ঘটনার বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।