Skip to main content

Ridge Bangla

কালবৈশাখী ও বজ্রঝড়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল ঝুঁকি রয়েছে

চলতি মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (২০ মার্চ) রাত ৯টা ৪৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, রাত ১০টার পর থেকে ভোর ৬টার মধ্যে দেশের বিস্তীর্ণ অঞ্চলে এই কালবৈশাখী প্রভাব ফেলতে পারে। এ সময় বজ্রঝড়ের তীব্রতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তিনি জানান, ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে। একই সঙ্গে খুলনা বিভাগের উত্তর অংশেও ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে।

অন্যদিকে, অপেক্ষাকৃত কম প্রভাব পড়তে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর। তবে এসব অঞ্চলেও বজ্রপাত ও দমকা হাওয়ার ঝুঁকি পুরোপুরি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে তিনি সতর্ক করেন।

আবহাওয়াবিদদের মতে, এই ধরনের মৌসুমি ঝড় সাধারণত স্বল্প সময়ে হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে বজ্রপাত, গাছপালা ভেঙে পড়া এবং অস্থায়ী ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এ অবস্থায় আবহাওয়াবিদ ও গবেষকরা সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার, খোলা জায়গায় না থাকার এবং প্রয়োজন ছাড়া রাতের বেলায় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

This post was viewed: 21

আরো পড়ুন