আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার (১১ জানুয়ারি) থেকে সোমবার পর্যন্ত টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে ৬টি থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন শাহ আলম, মো. সিফাত খান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. জাকের হোসেন, আরিফ ও মো. রাব্বি মিয়া। তারা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী নেতাকর্মী।
পুলিশ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন-২০১৯, দণ্ডবিধি ১৮৬০, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮-এর একাধিক ধারায় বিভিন্ন মামলা চলমান। এসব মামলায় সংঘবদ্ধভাবে হামলা-সহিংসতা, মারধর, গুরুতর জখম, হত্যা চেষ্টার পাশাপাশি চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে।