বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মোশাররফ হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালেও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পান।
মহান মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন গেরিলা অভিযানে অংশ নেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য ছিলেন তিনি।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।