Skip to main content

Ridge Bangla

‘কার্ড নয়, মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন’: সরকারকে নাহিদ ইসলামের আহ্বান

সরকারের প্রতি কার্ডনির্ভর সহায়তার পরিবর্তে প্রকৃত কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই কার্ডের খেলা না খেলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন।’

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া স্টেশন মাঠে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহনগঞ্জ উপজেলা এনসিপি এ পথসভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, সরকার বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছে। তবে এসব সুবিধা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছাবে, নাকি ছাত্রদল, যুবদল বা দলীয় নেতাকর্মীদের কাছেই সীমাবদ্ধ থাকবে- সেটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। অতীতের সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদাহরণ তুলে ধরে তিনি অভিযোগ করেন, অধিকাংশ ক্ষেত্রেই সুবিধা দলীয় লোকজন পেয়ে থাকে, সাধারণ দরিদ্র মানুষ বঞ্চিত হয়।

তিনি প্রশাসনের তদারকির মাধ্যমে প্রকৃত দুঃখ-দুর্দশাগ্রস্ত মানুষের কাছে এসব কার্ড পৌঁছে দেওয়ার দাবি জানান।

হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, নেত্রকোনার হাওর এলাকায় বছরের প্রায় ছয় মাস পানি থাকে, বাকি সময় শুকনো মৌসুম। দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে অনেক রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। একই সঙ্গে কৃষকেরা ধানের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

বর্তমানে হাওরে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের ৩০ কেজি করে ধান দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কয়েক কেজি ধান দিয়ে মানুষের জীবন-জীবিকা চলে না। কার্ডনির্ভর সহায়তার পরিবর্তে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ করে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি দেশের উন্নয়নে সঠিক পরিকল্পনা গ্রহণের পাশাপাশি দুর্নীতি ও লুটপাট কমানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

হাওরাঞ্চলকে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরাঞ্চল নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। পরিকল্পিতভাবে মৎস্যসম্পদ ও পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে এ অঞ্চলের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি জাতীয় অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে। এসব বিষয় জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাসও দেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশকে পরিবর্তন ও সংস্কারের পথে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ মত দিয়েছে। তার দাবি, এর অর্থ হলো পুলিশ, বিচারব্যবস্থা ও সংবিধানসহ প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা।

তিনি অভিযোগ করেন, সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী এখন সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন এবং গণভোটের ফলাফলকে অস্বীকার করছেন। এ কারণেই তারা সারা দেশে মানুষের কাছে যাচ্ছেন বলে জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়িত না হলে গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশ নেওয়া বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক কর্মীদের ত্যাগ বৃথা যাবে। তারা সেটি হতে দেবেন না বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, তারা আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান না। তবে সরকার যদি সংস্কার বাস্তবায়ন না করে, জুলাই সনদের সঙ্গে প্রতারণা করে এবং গণ-অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যায়, তাহলে তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের পক্ষে সরকারকে সহযোগিতা করা সম্ভব হবে না।

স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরকে ‘ভালো মানুষ’ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি যদি তার কৃতজ্ঞতা থাকে, তাহলে তিনি সংসদে সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সোচ্চার ভূমিকা রাখবেন- এমন প্রত্যাশা করেন তিনি।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব খান তালাত মাহমুদ রাফি, জেলা এনসিপির সদস্যসচিব ও কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

This post was viewed: 1

আরো পড়ুন