Skip to main content

Ridge Bangla

কার্গো ভিলেজে আগুন ছিল পরিকল্পিত: কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন (ডিসিএএ)। সংগঠনটি দাবি করেছে, এটি কেবল দুর্ঘটনা নয়, বরং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম, শিল্পকারখানা এবং সামগ্রিক অর্থনীতিকে অচল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে।

রোববার (১৯ অক্টোবর) ডিসিএএ সভাপতি মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমাদের দৃঢ় বিশ্বাস এই অগ্নিকাণ্ড পরিকল্পিত। এটি জাতীয় অর্থনীতিকে বিপর্যস্ত করার উদ্দেশ্যে ঘটানো হতে পারে।”

মিজানুর রহমান বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানবন্দর এলাকায় অগ্নি-নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে তা আধুনিকায়ন করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

ডিসিএএ জানায়, আগুনে গুদামে থাকা প্রায় সব আমদানি পণ্যই পুড়ে গেছে। কিছু পণ্য অক্ষত মনে হলেও ধোঁয়া ও তাপের কারণে সেগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সংগঠনটির অভিযোগ, সিভিল এভিয়েশন ও ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়, যার ফলে ক্ষয়ক্ষতি আরও বেড়েছে।

This post was viewed: 60

আরো পড়ুন