Skip to main content

Ridge Bangla

কারিগরি শিক্ষাকে বাজারমুখী করার তাগিদ শিক্ষামন্ত্রীর

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক ও বাজারের চাহিদাভিত্তিক করার ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ এবং কারিকুলাম-সিলেবাস আধুনিকায়ন জরুরি।

বুধবার (৪ মার্চ) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষার বিভিন্ন সূচক ও কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। তবে আরও গভীরভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি স্বীকার করেন, শিল্পখাতের সঙ্গে সমন্বয় ও বাজারমুখী কারিকুলাম প্রণয়নে কিছু দুর্বলতা রয়েছে, যা দ্রুত কাটিয়ে উঠতে হবে।

ড. মিলন কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে উন্নয়নমূলক উদ্যোগ নির্ধারণে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রায় ১৮ কোটি মানুষের দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলা বড় দায়িত্ব। ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব না দিলে প্রত্যাশিত ফল মিলবে না।

This post was viewed: 30

আরো পড়ুন