কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
পারিবারিক সূত্র জানায়, প্রথমে জ্বর ও সংক্রমণে আক্রান্ত হন কারিনা। পরে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়।
ভারতের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের চিকিৎসা শুরু করেন এবং পরে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।
আজ শনিবার (১৬ মে) তার মরদেহ দেশে আনার কথা রয়েছে।