মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু সংখ্যক মার্কিন সেনা সদস্য প্রত্যাহার করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এক কর্মকর্তা জানান, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। কাতার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেওয়ার পর সিদ্ধান্ত সামনে আসে। ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তারা প্রতিশোধ নেবে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দমন-পীড়নে ইরানে দুই হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।
উল্লেখ্য, গত জুনে যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইরান আল-উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ এক উপদেষ্টা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলার জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। বিশ্লেষকদের মতে, কাতারের এই পদক্ষেপ উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা আরও স্পষ্ট করে।