কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার (১২ জুলাই) দেশটির আমিরি দেওয়ান তার মৃত্যুর খবর জানিয়েছে।
এক বিবৃতিতে আমিরি দেওয়ান জানায়, আল্লাহর বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে জাতির এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, সাবেক আমির ও ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার প্রতি রহম করুন।
১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ। জ্বালানি সম্পদসমৃদ্ধ দেশটির অভাবনীয় উন্নয়নের অন্যতম প্রধান স্থপতি হিসেবে তাকে বিবেচনা করা হয়।
তার শাসনামলে অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে কাতার। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির মর্যাদা আরও বৃদ্ধি পায়।
বর্তমানে উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে কাতারের রাজনৈতিক প্রভাব বিস্তৃত। ২০২২ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপ আয়োজন করে দেশটি। উদ্বোধনী ম্যাচে উপস্থিত দর্শকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছিলেন শেখ হামাদ।
শেখ হামাদের শাসনামলেই কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন করা হয়। এ সময় পৌরসভা নির্বাচন শুরু হয় এবং নারীদের ভোটাধিকার ও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়।
২০১৩ সালে সিংহাসন ছাড়েন শেখ হামাদ। এরপর তৎকালীন ৩৩ বছর বয়সী ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।