Ridge Bangla

কাঠমান্ডুতে অনলাইন প্রতারণা চক্রের অভিযোগে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার

নেপালের রাজধানী কাঠমান্ডুর পর্যটনকেন্দ্রিক এলাকা থামেল থেকে অনলাইন প্রতারণা চক্র পরিচালনার অভিযোগে ১৫ জন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বিবিসির নেপালি বিভাগের তথ্যের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নেপাল পুলিশের কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের একটি অনলাইন প্রতারণা কেন্দ্রে কাজ করার তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, কেন্দ্রটি একজন চীনা নাগরিক পরিচালনা করতেন। তবে অভিযানের আগে তিনি পালিয়ে যান এবং বর্তমানে তাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আটক বাংলাদেশিদের অধিকাংশই আগে কম্বোডিয়ায় কর্মরত ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কম্বোডিয়ায় পরিচিত চীনা পরিচালকরাই তাদের নেপালে নিয়ে আসেন।

পুলিশের অভিযোগ, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নারীদের আপত্তিকর ছবি পাঠাত এবং পরে সেই ছবিকে কেন্দ্র করে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত।

তদন্তে আরও জানা গেছে, এই প্রতারণা চক্রের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও ভারতের নাগরিকরা। স্থানীয় নেপালি নাগরিকদের তারা সাধারণত টার্গেট করত না।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং পলাতক চীনা নাগরিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

This post was viewed: 7

আরো পড়ুন