দেশে কথার রাজনীতি থেকে সরে এসে এখন কাজের রাজনীতির সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সময় শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ায় দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি। শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি এমন যে তলিয়ে যাওয়া একটি জাহাজকে টেনে তুলে আবার নতুন করে সামনে এগিয়ে নিতে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই বলেছেন আই হ্যাভ এ প্লান; সেই আশ্বাসে দেশের মানুষ বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। জনগণের সেই আস্থার প্রতিদান দিতে যুব সমাজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।