নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বালুরগদি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহলের সময় তারা ওই এলাকায় সন্দেহজনক একটি স্থানের বিষয়ে তথ্য পায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্রিজের পিলারের খাদে তল্লাশি চালানো হয়। অভিযানে একটি পরিত্যক্ত প্লাস্টিক ব্যাগ থেকে ৬টি ওয়ান শুটারগান, একটি শটগানের গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো লুকিয়ে রাখা হয়েছিল পরিত্যক্ত অবস্থায়, যাতে সহজে শনাক্ত করা না যায়। র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। জননিরাপত্তা রক্ষায় যেকোনো তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত সব অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম আলামত সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।