Skip to main content

Ridge Bangla

কলম্বোতে ভারত-পাকিস্তান আবারও মুখোমুখি হচ্ছে

সম্প্রতি যুদ্ধাবস্থার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত ও পাকিস্তান। সেই উত্তপ্ত পরিস্থিতি কাটিয়ে এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে যাচ্ছে ক্রিকেট মাঠে, তা-ও আবার বিশ্বকাপের মঞ্চে। আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা।

এই বিশ্বকাপ হবে হাইব্রিড মডেলে, যার আওতায় পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড—বিসিসিআই ও পিসিবির মধ্যে একটি চুক্তির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

২০১৩ সালের পর এবারই প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। ২০২৫ সালের এই আসরেও থাকবে আগের ২০২২ সালের মতো রাউন্ড-রবিন ফরম্যাট। আট দলের অংশগ্রহণে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে, সেরা চার দল যাবে সেমিফাইনালে।

১ অক্টোবর ইন্দোরে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে টি-টোয়েন্টি বিশ্বজয়ী নিউজিল্যান্ডের। ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে গৌহাটি অথবা কলম্বোতে—যেটি নির্ভর করবে পাকিস্তান কোয়ালিফাই করে কি না, তার ওপর। ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, বেঙ্গালুরু বা কলম্বোর যেকোনো একটিতে।

মোট পাঁচটি শহরে হবে এবারের বিশ্বকাপের খেলা—ভারতের বেঙ্গালুরু, গৌহাটি, বিশাখাপত্তনম ও ইন্দোর এবং শ্রীলঙ্কার কলম্বো।

ভারত-পাকিস্তান ছাড়াও বিশ্বকাপে অংশ নিচ্ছে সেরা আটটি দল: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে এসেছে পাকিস্তান ও বাংলাদেশ।

This post was viewed: 63

আরো পড়ুন