Skip to main content

Ridge Bangla

কলকাতা পুরসভা ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসকের হাতে দায়িত্ব

মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের কয়েক দিনের মধ্যেই কলকাতা পুরসভা ভেঙে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সোমবার (৮ জুন) নেওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে মেয়র, চেয়ারম্যান, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য এবং নির্বাচিত কাউন্সিলরদের সব ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে।

পুরসভার কার্যক্রম পরিচালনার জন্য এখন থেকে দায়িত্ব পালন করবেন রাজ্য সরকারের নিয়োগ দেওয়া প্রশাসক। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পাণ্ডেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত পুরসভার সব প্রশাসনিক ক্ষমতা থাকবে তাঁর হাতে।

এর আগে গত শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে মেয়রের পদ ছাড়ার ঘোষণা দেন ফিরহাদ হাকিম। এরপরই পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। রাজ্যপালের অনুমতি নিয়ে রাজ্য সরকার সেদিনই কলকাতা পুরসভাকে নোটিশ পাঠিয়ে তিন দিনের মধ্যে মতামত জানতে চেয়েছিল।

নবান্নের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ১৯৮০ সালের কলকাতা পুরসভা আইনের ১১৭ নম্বর ধারার ১ নম্বর উপধারা অনুযায়ী অবিলম্বে পুরসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে মেয়র, পুরসভার চেয়ারম্যান এবং মেয়র-ইন-কাউন্সিলের সব সদস্যকে একসঙ্গে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, পুরবোর্ড বিলুপ্ত হওয়ার পর মেয়রসহ সব কমিটির সদস্য ও কাউন্সিলরদের নিজ নিজ পদ এবং কার্যালয় ছাড়তে বলা হয়েছে।

তবে পুরসভার নিয়মিত কার্যক্রম ও নাগরিক সেবা চালু রাখতে বিকল্প ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যপালের নির্দেশে বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পাণ্ডেকে কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পুর আইনের ১১৮ নম্বর ধারার ১(খ) উপধারা অনুযায়ী, আগে পুরবোর্ড, মেয়র ও মেয়র-ইন-কাউন্সিল যেসব আইনি দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করত, এখন সেগুলো এককভাবে পালন করবেন প্রশাসক।

নবান্নের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত সরকারি নির্দেশনায় এই ব্যবস্থাকে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, নিয়োগ পাওয়া প্রশাসক সর্বোচ্চ ছয় মাস দায়িত্বে থাকতে পারবেন। তবে এর আগে নতুন পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন বোর্ড দায়িত্ব নিলে প্রশাসকের মেয়াদ শেষ হয়ে যাবে।

This post was viewed: 21

আরো পড়ুন