ভারতের পশ্চিমবঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টালিউডে তার সরব উপস্থিতি, জনপ্রিয়তা এবং গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়মিত সুযোগ পাওয়া নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস। তিনি বাংলাদেশি শিল্পীদের টালিউডে নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন।
কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১০ নম্বর বরোর চেয়ারপারসন জুঁই বিশ্বাস একাধারে তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং দলটির মুখপাত্র। তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। উল্লেখ্য, স্বরূপ বিশ্বাস টালিউড শিল্পী ও কলাকুশলীদের ফেডারেশনের সভাপতিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে জুঁই বিশ্বাস বাংলাদেশি শিল্পীদের টালিউডে কাজ করা নিয়ে তীব্র প্রতিবাদ জানান। গত মঙ্গলবার দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমিয়ে আছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানকে রেড কার্পেট দিয়ে ভারতে অভিনয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর কি প্রতিভা নেই যে, জয়ার করা চরিত্রে অভিনয় করতে পারত না?”
তিনি আরও প্রশ্ন তোলেন, “বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে বাংলাদেশি শিল্পীদের ক্ষেত্রে টালিউড এত উদার কেন?” একই সঙ্গে জয়া আহসানের মিউজিক অ্যালবাম ভারতীয় জাদুঘরে রিলিজ হওয়ার বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং টালিউডের প্রযোজক-পরিচালকদের দেশবিরোধী কাজ করছেন বলে আখ্যা দেন।
উল্লেখ্য, গত বছর আগস্টে শেখ হাসিনার পলায়নের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার প্রভাব দুই বাংলার সাংস্কৃতিক অঙ্গনেও পড়ে। এ সময়েই জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ আগামী ১৮ জুলাই কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে।
জুঁই বিশ্বাসের মন্তব্যের পর টালিউডের অন্য শিল্পী, পরিচালক কিংবা বাংলাদেশি শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও, এই বিতর্ক আরও বড় আকার নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।