Ridge Bangla

কলকাতায় নির্মাণাধীন গোডাউনের ছাদ ধসে আটকা বহু শ্রমিক

ভারতের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গোডাউনের ছাদ ধসে বহু শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। সরকারি হিসাবে ১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও বেসরকারি সূত্রে ২ জনের মৃত্যুর দাবি করা হয়েছে।

বুধবার (২৪ জুন) তারাতলা ব্রিজের কাছে নির্মাণাধীন ৩ তলা গোডাউনটির ছাদ ঢালাই চলাকালে হঠাৎ কাঠামোর একটি অংশ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বড় আকারের লোহার বিমসহ ছাদের অংশ ধসে পড়ায় ভেতরে থাকা অনেক শ্রমিক চাপা পড়েন।

জানা গেছে, ভবনটি একটি চায়ের গোডাউন হিসেবে তৈরি করা হচ্ছিল। এর ওপরের ২ তলার ঢালাইয়ের কাজ আগেই শেষ হয়েছিল। বুধবার ১ তলার ছাদ ঢালাই চলছিল। নির্মাণকাজের একপর্যায়ে কাঠামোর একটি অংশ ভেঙে গেলে সেটি মেরামত করে আবার কাজ শুরু করা হয়। পরে শ্রমিকরা শেডের নিচে কাঠামোটি দাঁড় করানোর চেষ্টা করার সময় পুরো টিনের শেড ও নির্মাণ কাঠামো ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ভেতরে অনেক শ্রমিক ছিলেন। সেখানে কাজ পরিচালনার জন্য একটি অস্থায়ী অফিসও ছিল। কেউ কাজ করছিলেন, আবার কেউ বিশ্রামে ছিলেন। এ কারণে ধসের পর উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিক আটকা পড়েন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে এখন পর্যন্ত অন্তত ১০ জন আহত শ্রমিক ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে গ্যাস কাটার দিয়ে ভারী লোহার বিম কাটা হচ্ছে। পাশাপাশি কাজে লাগানো হচ্ছে ক্রেন ও জেসিবি মেশিন।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। তৈরি করা হয়েছে বিশেষ ‘গ্রিন করিডোর’। তবে ঘনবসতিপূর্ণ ও সরু এলাকায় দুর্ঘটনাস্থল হওয়ায় উদ্ধার কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিং জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

This post was viewed: 2

আরো পড়ুন