স্পেনের একটি আদালত বিশ্বখ্যাত পপতারকা শাকিরার ওপর আরোপিত ৬ কোটি ৪০ লাখ ডলারের জরিমানাকৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০২১ সালে স্পেনের কর বিভাগ তার বিরুদ্ধে এই জরিমানা ধার্য করেছিল।
স্পেনের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বছরে ১৮৩ দিনের বেশি দেশটিতে অবস্থান করলে তাকে কর দিতে হয়। কর কর্তৃপক্ষের দাবি ছিল, শাকিরা ২০১১ সালে নির্ধারিত সময়ের বেশি স্পেনে অবস্থান করলেও কর পরিশোধ করেননি।
তবে আদালতে শাকিরা প্রমাণ করেন যে, ওই বছর তিনি দেশটিতে ১৬৩ দিন অবস্থান করেছিলেন, যা করযোগ্য সময়সীমার মধ্যে পড়ে না।
রায়ের প্রকাশের পর স্বস্তি প্রকাশ করে কলম্বিয়ার এই পপতারকা বলেন, দীর্ঘ আট বছরের একটি কঠিন অধ্যায়ের অবসান ঘটেছে। তার ভাষায়, এই সময়জুড়ে তাকে ও তার পরিবারকে মানসিক ও শারীরিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে।
রায়টির ঘোষণা এমন এক সময়ে এলো, যখন শাকিরা মাদ্রিদে তার ‘উইমেন ডোন্ট ক্রাই’ অ্যানিমো ট্যুর শেষ করার পথে।