Ridge Bangla

করমুক্ত বার্ষিক আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রীর

বার্ষিক করমুক্ত আয়সীমা বর্তমান ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহ সম্ভব। তবে মানুষের বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা নির্ধারণ করা প্রয়োজন। তাঁর ভাষায়, মাসে ৫০ হাজার টাকার কম আয় করে এখন জীবনযাপন করা কঠিন। একই সঙ্গে উপজেলা পর্যায়ে কর আদায়ে প্রয়োগমূলক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান তিনি। তাঁর মতে, উপজেলা পর্যায়েও এখন অনেক সক্ষম করদাতা রয়েছেন।

নিজ মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে নুরুল হক বলেন, নির্বাচনি ইশতেহারে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। তিনি জানান, মন্ত্রণালয়ের বরাদ্দ কিছুটা কমলেও প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনপ্রিয়তা অর্জনের জন্য নয়, বরং বাস্তবতার ভিত্তিতে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে তাঁদের জন্য মানসম্মত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

নিজেকে চরাঞ্চলের মানুষ উল্লেখ করে তিনি বলেন, ওইসব এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান এখনো অত্যন্ত নাজুক। এ কারণে চরাঞ্চলের উন্নয়নে পৃথক একটি ফাউন্ডেশন বা কর্তৃপক্ষ গঠন প্রয়োজন। একই সঙ্গে চরাঞ্চলের উন্নয়নসংক্রান্ত যেকোনো প্রস্তাব মানবিক দৃষ্টিভঙ্গিতে দ্রুত বিবেচনার আহ্বান জানান তিনি।

This post was viewed: 6

আরো পড়ুন