ঢাকা ও কলকাতার পর্দায় সমান দাপটে রাজত্ব করছেন জয়া আহসান। সম্প্রতি এক পডকাস্টে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই অভিনেত্রী। বলিউডের অমিতাভ বচ্চন থেকে সালমান খান, বিদ্যা বালান—সবাই নাকি তার বন্ধু। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’-এর সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন জয়া।
পডকাস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল জয়ার কাছে। কিন্তু অভিনেত্রী জানালেন, “ও মা বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল, পরে আর ওটা হয়নি। আমি করিনি, তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যানড থাকবে সৃষ্টিকর্তা বা ঈশ্বরের, সেটা হবেই।”
জয়ার বলিউডে কাজের প্রশংসা যে সেখানের তারকারাও করেন, তার প্রমাণ মেলে আরও একটি ঘটনার মাধ্যমে। পডকাস্টে জানা যায়, জয়ার অভিনীত ‘রাজকাহিনি’ ছবিটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং বিদ্যা বালান তাকে ফোন করেছিলেন।
অভিনেত্রী জানিয়েছেন, বলিউডের অনেক তারকার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এক সময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনকেও পাশে পেয়েছিলেন তিনি। এছাড়া সেলেব্রিটি ক্রিকেটেও তারকা বন্ধুদের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। মালাইকা অরোরা, ইউসুফ পাঠানদের মতো তারকারা তার টিমে অংশ নিয়েছিলেন।