কমোরোসের রাষ্ট্রপতিকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ড. জকি আহাদ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মরিশাসে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমোরোসের রাজধানী মোরোনিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করার সময় তিনি এই প্রস্তাব জানান।
পরিচয়পত্র গ্রহণ করে কমোরোস ইউনিয়নের রাষ্ট্রপতি আজালি আসৌমানি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। তিনি রাষ্ট্রদূতের দায়িত্বকালীন সময়ে সাফল্য কামনা করার পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রতি শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন। রাষ্ট্রপতি বলেন, কমোরোস সবসময় বাংলাদেশ ও কমোরোসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়।
জবাবে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতির শুভেচ্ছা পৌঁছে দিয়ে কমোরোস সরকারের আন্তরিক সহযোগিতা ও উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও জোরদার করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় উন্নীত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি ও বিভিন্ন খাতের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি তৈরি পোশাক, ওষুধ, পাট, চামড়া, কৃষি ও শিল্প খাতে বাংলাদেশের অর্জন সম্পর্কে কমোরোস রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি কমোরোসের চিকিৎসা (ডাক্তার ও নার্স), হালকা শিল্প ও কৃষি খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের প্রস্তাব দেন।
এছাড়া তিনি শিক্ষা বিনিময় কর্মসূচি, দক্ষ জনশক্তি নিয়োগ এবং কৃষি অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেন। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশ ও কমোরোস নতুন সহযোগিতার পথ খুঁজে বের করবে।