চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি বিদেশি জাহাজে দুই নাবিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক থাই নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক নাবিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই নাবিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাবিকের নাম রাফিফং কালাহান (৩০)। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং ‘এমটিকেপিপি০১’ (MTKPP01) নামের জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম সানইয়াপং কালাহান।
পুলিশ জানায়, জাহাজে কর্মরত দুই বিদেশি নাবিকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রাফিফং। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের চৌধুরী জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, অভিযুক্ত তুরাকর্ণ বুরুসিকে জাহাজ থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ভাঙার উদ্দেশ্যে আনা হয়েছিল। ঘটনার পর জাহাজে থাকা অন্যান্য ক্রুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।