আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে আবারও প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির ইতুরি প্রদেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ২৪৬ জন।
আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসি শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ইতুরি প্রদেশের স্বর্ণখনি-সমৃদ্ধ মোংওয়ালু ও রুয়াম্পারা শহর বর্তমানে সংক্রমণের প্রধান কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত হয়েছে। দ্রুত সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদানসহ সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে জরুরি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাসটির ধরন শনাক্তে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইতুরির প্রাদেশিক রাজধানী বুনিয়াতেও বেশ কয়েকজন সন্দেহভাজন রোগী শনাক্ত হওয়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।