কক্সবাজারে র্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের অন্যতম মূলহোতা সিকদার ওরফে বলিকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উখিয়ার পালংখালীর মরাগাছতলা এলাকা থেকে তাকে আটক করে।
শনিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। গ্রেপ্তার সিকদার উখিয়ার পালংখালীর মোহাম্মদ আবুর ছেলে।
র্যাব জানায়, ১১ জুন রাত ১১টার দিকে র্যাব পরিচয় দিয়ে সশস্ত্র তিন অপহরণকারী—বরখাস্ত সৈনিক সুমন, রাকিব ও সিকদার—রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর বাসিন্দা মো. হাফিজ উল্লাহকে তার বাড়ি থেকে ডেকে টেকনাফের রঙ্গিখালীর গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয়—প্রশাসনের সহায়তা নেওয়া হলে ভিকটিমকে হত্যা করা হবে।
অভিযোগের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং ১৪ জুন বরখাস্ত সৈনিক সুমনকে আটক করে। এরপর ১৫ জুন সকাল ৭টায় র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালীর গহীন পাহাড় থেকে হাফিজ উল্লাহকে জীবিত উদ্ধার করা হয়। এসময় অপহরণে ব্যবহৃত অস্ত্র, গুলি ও সরঞ্জামও উদ্ধার করা হয়।
পরে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সিকদারকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় এবং টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।