ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের একটি বিশেষ আদালতে হাজির করা হয়েছে।
রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তাদের বিধাননগর বিশেষ আদালতে তোলা হয়। এর আগে চলতি মাসের ৭ তারিখ গভীর রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক উভয়ের ১৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া, মেঘালয় সীমান্ত দিয়ে এই দুই আসামিকে ভারতে প্রবেশে সহায়তা করার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গত ১৩ মার্চ গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। আদালত তাকে ৭ দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) তাকেও আদালতে হাজির করা হয়েছে।
এদিকে, আদালতে হাজির করার সময় সাংবাদিকরা ফয়সাল করিম মাসুদের কাছে হাদি হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি এই কাজ করিনি। এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।” তবে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন দুজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।