ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ঢাকায় একটি আবাসিক ফ্ল্যাট কেনার লক্ষ্যে এক কোটি টাকা অনুদান অনুমোদন দিয়েছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মঙ্গলবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয়।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট ক্রয়ের জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। ফ্ল্যাটটি ওসমান হাদির স্ত্রী ও সন্তানদের বসবাসের জন্য ব্যবহার করা হবে। তবে অনুদান কার্যকর করতে তার স্ত্রী ও সন্তানের পরিচয় ও আইনি বৈধতা নিশ্চিত করার শর্ত যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, রাষ্ট্র শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। তার মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে একদিনের শোকও পালন করা হয়।