Skip to main content

Ridge Bangla

ওয়েবসাইট নিয়ে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশি’র

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৬ জুলাই) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারি ব্যয়ের সাশ্রয় নিশ্চিত করতে জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) এর আওতাধীন প্রতিটি প্রতিষ্ঠানের স্বতন্ত্র ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট এখনো নেই কিংবা হালনাগাদ নয়, তাদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তা তৈরি ও হালনাগাদ করতে হবে।

ওয়েবসাইটে যেসব তথ্য বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে তার মধ্যে রয়েছে প্রতিষ্ঠান পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতির তথ্য, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদানের সময়সূচি, সিলেবাস, শিক্ষক তালিকা ও রুটিন, এমপিও সম্পর্কিত তথ্য, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর, তথ্যসেবা কেন্দ্র ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার তথ্য, শিক্ষক ও কর্মচারীদের প্রোফাইল, এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যদের তথ্য।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইট হালনাগাদ করে তা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (EMIS) মডিউলে আপলোড করতে হবে।

এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, তথ্যপ্রবাহ ও প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মাউশি।

This post was viewed: 49

আরো পড়ুন