ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তবে তেহরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইরান মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ জুন) ইরানের নৌবাহিনী দাবি করে, ওমান উপসাগরে অবস্থান করা যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইরানের দাবি, ওই যুদ্ধজাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ড’, হরমুজ প্রণালিতে নিয়ম ভঙ্গ এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার শনাক্ত করে ইরানের নৌবাহিনী। জাহাজটি ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল বলে দাবি করেছে তেহরান।
ইরানের নৌবাহিনী বলেছে, ‘ইরানের নৌবাহিনী এই শত্রুতামূলক কর্মকাণ্ডের কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা করেছে।’
এ ছাড়া অঞ্চলটিতে ‘মার্কিন-জায়নবাদী’ কার্যক্রমের ওপর নজরদারি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইরানের নৌবাহিনী। একই সঙ্গে ভবিষ্যতে আরও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি বলেছে, ‘ইরান মিথ্যা বলছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’