ওমানের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকায় ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) আরব সাগরে সংঘটিত এই ভূমিকম্পের তথ্য জানিয়েছে সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। এ খবর প্রকাশ করেছে আনাদোলু।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে সৌদি আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্কের বিভিন্ন স্টেশনে কম্পনটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ওমানের ধোফার গভর্নরেটের রাজধানী সালালা থেকে প্রায় ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের তলদেশে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের আর্থকোয়েক মনিটরিং সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটি আরব সাগরের ‘ওয়েন ফ্র্যাকচার জোন’-এর সঙ্গে সম্পর্কিত। এটি একটি ট্রান্সফর্ম ফল্ট বা বিচ্যুতি অঞ্চল, যা আরব ও ভারতীয় টেকটোনিক প্লেটকে পৃথক করেছে। এ এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়া স্বাভাবিক বলে জানিয়েছে কেন্দ্রটি।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। দেশটিতে অবস্থিত মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি ওমানের উপকূলের কাছে কয়েকটি জাহাজও হামলার শিকার হয়েছে।
এদিকে একই দিনে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়।