Ridge Bangla

ওমান উপকূলে তেল ট্যাংকারে আগুন, নিরাপদে ২৪ ভারতীয় নাবিক

ওমানের উপকূলে বিদেশি পতাকাবাহী ‘মারিভেক্স’ নামের একটি তেল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) ঘটে যাওয়া এ ঘটনায় জাহাজটিতে থাকা ২৪ ভারতীয় নাবিক নিরাপদে আছেন বলে জানা গেছে।

মাদাগাস্কারের পতাকাবাহী ওই ট্যাংকারটিতে অগ্নিকাণ্ডের সময় কোনো পণ্য ছিল না। আগুন লাগার পর নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে ভারত।

ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘ভারতীয় নাবিকসহ একটি জাহাজকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে মিশন অবগত হয়েছে। তাদের উদ্ধার ও নিরাপত্তার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি।’

মেরিনট্র্যাফিক প্ল্যাটফর্মের ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ট্যাংকারটি ভারতের কারওয়ার থেকে ওমানের দুকমের উদ্দেশে যাচ্ছিল।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা জানান, জাহাজটিতে থাকা সব ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদে রয়েছেন।

তিনি বলেন, ‘সকল ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত আমাদের ভারতীয় মিশন, ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছি।’

ওপেশ কুমার শর্মা আরও জানান, নৌপরিবহন মন্ত্রণালয় ডিরেক্টরেট জেনারেল অব শিপিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত তিন হাজার ৫০৬ জন ভারতীয় নাবিককে নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। এর মধ্যে গত ৯৬ ঘণ্টায় ফিরেছেন ৩২ জন।

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ট্যাংকারটিতে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

This post was viewed: 3

আরো পড়ুন