Skip to main content

Ridge Bangla

ওমানের মধ্যস্থতায় পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক আলোচনা

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন পর আবারও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ওমানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ আলোচনা হয়। তবে এটি সরাসরি মুখোমুখি বৈঠক ছিল না, বরং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে মধ্যস্থতা করেন।

ওমানের রাজধানীতে অনুষ্ঠিত এই আলোচনার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির সম্প্রসারণ ঠেকানো এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা। আলোচনায় বন্দী বিনিময় এবং কিছু নির্দিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার বিষয়ে প্রাথমিক সমঝোতা গঠনের চেষ্টা চালানো হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আলোচনার রূপরেখার বিষয়ে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। যদি আগামী সপ্তাহে ভিত্তিমূলক কোনো সমঝোতায় পৌঁছানো যায়, তাহলে তা একটি বড় অগ্রগতি হবে। আলোচনা শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনা করলো। আলোচনার মূল লক্ষ্য ছিল পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা।

হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ, ওমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা এসক্রোগিমা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির মধ্যে যোগাযোগ “খুবই গঠনমূলক” হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিষয়গুলো জটিল হলেও এ আলোচনা পারস্পরিক সুবিধা অর্জনের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উভয় পক্ষ আগামী শনিবার আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে আলোচনা শুরু করতে যাচ্ছে। অতীতেও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

This post was viewed: 44

আরো পড়ুন