Ridge Bangla

ওটিটিতে আসছে জয়া আহসানের আলোচিত সিনেমা ‘ফেরেশতে’

দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর অবশেষে ওটিটিতে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ফেরেশতে। আগামী ২ নভেম্বর থেকে এটি দেখা যাবে বঙ্গ বিডি-তে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে, যদিও সেসময় খুব বেশি দর্শক টানতে পারেনি সিনেমাটি।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ফেরেশতে নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়েই গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এতে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসকর্মী স্ত্রীর কঠিন বাস্তবতা, তাদের টিকে থাকার সংগ্রাম ও মানবিক সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলা অনুবাদে সহায়তা করেছেন ফয়সাল ইফরানের সঙ্গে। সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী।

২০২২ সালে নির্মাণ শেষ হওয়ার পর থেকেই ফেরেশতে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। চলচ্চিত্রটিতে রয়েছে আবেগঘন গান ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’, যার কথা লিখেছেন কবি পিয়াস মজিদ। গানটি কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি।

ফেরেশতে মূলত এক দম্পতির চোখ দিয়ে সমাজের নিম্নবিত্ত মানুষের জীবনযুদ্ধ ও মানবতার সৌন্দর্যকে তুলে ধরেছে—যা জয়া আহসানের অভিনয়ে পেয়েছে গভীর আবেগময় প্রকাশ।

This post was viewed: 31

আরো পড়ুন