ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সাক্ষাতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা করেন। তিনি বলেন, এই মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
এছাড়া বাংলাদেশ ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। ওআইসি দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।