Skip to main content

Ridge Bangla

ঐতিহাসিক স্থাপনার নকশায় নতুন ৫ টাকার নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন নকশার ৫ টাকার কাগুজে নোট চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই নোট বাজারে ছাড়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরিত নতুন নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে বিতরণ করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি পাওয়া যাবে।

নতুন নোটটির দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সামনের অংশে রাখা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও শাপলা ফুলের নকশা। পেছনের অংশে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখাবয়বসংবলিত জলছাপ, বিশেষ ‘৫’ সংখ্যার ছাপ, সরকারি প্রতীক, নিরাপত্তা সুতা এবং অতি ক্ষুদ্র অক্ষরে লেখা ‘বাংলাদেশ’। নোটটির প্রধান রং হিসেবে ব্যবহার করা হয়েছে হালকা গোলাপি আভা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর পরও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বৈধ থাকবে।

This post was viewed: 21

আরো পড়ুন