নজিরবিহীন মূল্যবৃদ্ধির পরও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত দামে এলপি গ্যাস মিলছে না। ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ানোর পরও খুচরা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে। ফলে ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা তৈরি হওয়ায় এলপি গ্যাসের প্রধান উপাদান প্রোপেন ও বিউটেনের দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে।
তবে নতুন মূল্য কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি হতে দেখা যায়।
কারওয়ানবাজারে একটি সিলিন্ডার বিক্রি হয়েছে প্রায় ২ হাজার টাকায়, আফতাবনগরে আরও বেশি দামে এবং মোহাম্মদপুর-বসিলায় ১ হাজার ৮৫০ থেকে ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা অভিযোগ করছেন, সরকার দাম নির্ধারণ করলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। অতিরিক্ত মূল্য গুনতে বাধ্য হচ্ছেন তারা।