২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করে। এ বছর ভর্তি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তাঁর রোল নম্বর ২৪১৩৬৭১। তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন এবং মোট ৯১ দশমিক ২৫ নম্বর অর্জন করেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা অনলাইনে সহজেই নিজেদের ফলাফল দেখতে পারবেন। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘MBBS Result 2025-2026’ শিরোনামের লিংকে ক্লিক করে নিজ নিজ অ্যাডমিশন রোল নম্বর প্রদান করতে হবে। এরপর ‘রেজাল্ট’ বাটনে ক্লিক করলে ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে। প্রয়োজন হলে সেখান থেকে ফলাফল ডাউনলোড বা সংরক্ষণ করা যাবে।
এছাড়া এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধা তালিকার পিডিএফ কপিও প্রকাশ করা হবে। মেধা তালিকায় নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর উল্লেখ থাকবে। এই পিডিএফ ফলাফল result.dghs.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর পরীক্ষার সময় কিছুটা বাড়ানো হয়।
চলতি শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন রয়েছে ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০টি এবং বিডিএস ৫৪৫টি। অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন ৭ হাজার ৪০৬টি, যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১টি।
এই আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। ফলে আসনপ্রতি প্রতিযোগী ছিল প্রায় ৯ জন। আবেদনকারীদের মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছাত্র এবং ৭৩ হাজার ৬০৪ জন ছাত্রী।