নোয়াখালীর হাতিয়ায় নলচিরা-চেয়ারম্যানঘাট নৌপথে চলাচলকারী ‘মহানন্দা’ ফেরি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা বিলম্বে ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের জন্য ফেরিটি দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল, ফলে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
রোববার সন্ধ্যায় নলচিরা ঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫টা ৪৫ মিনিটে ফেরিটি ঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী যাত্রী ও যানবাহন ওঠানামা শেষে সন্ধ্যা ৭টার দিকে চেয়ারম্যানঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফেরি ছাড়েনি। এতে ফেরিতে থাকা নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা ভ্যাপসা গরমে দুর্ভোগে পড়েন।
যাত্রীরা অভিযোগ করেন, ফেরি কর্তৃপক্ষ তাদের জানিয়েছিল এমপি আসার পর ফেরি ছেড়ে দেওয়া হবে। ফলে অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি এবং ঢাকাগামী বাসও মিস করেন।
তবে ফেরির মাস্টার মোজাম্মেল হক জানান, ফেরি ছাড়তে কিছুটা বিলম্ব হলেও তা দুই ঘণ্টা নয়। আগে থেকেই এমপি আসবেন বলে জানানো হয়েছিল, এজন্য কিছু সময় অপেক্ষা করা হয়।