জাতীয় সংসদের সদস্যদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। এ-সংক্রান্ত ধারা বিলুপ্ত করে রোববার (২৬ এপ্রিল) সংসদে একটি সংশোধনী বিল কণ্ঠভোটে পাস হয়েছে।
‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭২ (সংশোধন)’ শীর্ষক বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পরে তা সর্বসম্মতভাবে পাস হয়। নতুন আইনের ফলে এখন থেকে সংসদ সদস্যদের বিদেশ থেকে গাড়ি আমদানির ক্ষেত্রে সাধারণ নাগরিকদের মতোই নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করতে হবে। এতদিন এমপিরা কোনো ধরনের শুল্ক ছাড়াই বিলাসবহুল গাড়ি আমদানির সুযোগ ভোগ করতেন।
সংসদের বৈঠক বিকেল ৩টা ২৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের একটি বিতর্কিত সুবিধার অবসান ঘটল।