বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিদিনই চলছে প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ম্যাডামের অবস্থায় তেমন কোনো পরিবর্তন নেই উন্নতি বা অবনতি দুটোরই কিছু বলা যাচ্ছে না।
চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। ডাক দিলে তিনি খুব সামান্য সাড়া দিচ্ছেন, তবে একে উল্লেখযোগ্য উন্নতি বলা যাচ্ছে না। চিকিৎসকদের ভাষায়, তার স্বাস্থ্যের ‘প্যারামিটার’ ওঠানামা করছে। প্রতিদিন রাতে প্রায় দেড় ঘণ্টার বৈঠকে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও এই আলোচনায় যুক্ত হন।
গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে ভর্তি রাখা হয়। ২৭ নভেম্বর অবস্থা সংকটাপন্ন হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। চীন, যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের বিশেষজ্ঞেরা ইতোমধ্যে সহায়তা প্রস্তাব করেছেন। চিকিৎসায় সহযোগিতা করছেন চীনা ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দলও।
বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান এবং সরাসরি সিসিইউতে নিয়ে যান। এর আগে দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার তাকে দেখতে যান। জানা যায়, খালেদা জিয়া ইশারায় তার সালামের জবাব দিয়েছেন। এদিকে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন।